ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালের জলবিদ্যুৎ টানেলে আটকা শ্রমিকদের বাঁচাতে পাম্প করা হচ্ছে অক্সিজেন

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা পড়া শতাধিক শ্রমিককে উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। শনিবার রাতে উদ্ধারকারীরা ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদায় ভরে যাওয়া একটি টানেলের ওপরের অংশে পৌঁছাতে সক্ষম হন। এরপর ছোট একটি ছিদ্র দিয়ে টানেলের ভেতরে বাতাস পাঠানো শুরু করা হয়েছে। একই সঙ্গে ক্যামেরাও ভেতরে পাঠানো হয়েছে। [BANGVIEWS-POST:4747]নেপাল সরকারের হিসাবে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে শতাধিক শ্রমিক টানেলের ভেতরে জীবিত আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ত্রিশূলী-৩এ ও ৩বি প্রকল্পের টানেলগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকারীরা প্রথমে খননযন্ত্র দিয়ে টানেলের মুখে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন। পরে প্রায় ছয় ইঞ্চি ব্যাসের একটি ছিদ্র তৈরি করা হয়। ওই পথ দিয়ে বাতাস ও আলো পাঠানোর পাশাপাশি ক্যামেরা ঢোকানো হয়েছে। তবে এখনো টানেলের ভেতরে থাকা কারও সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তী ধাপে ছিদ্রটি বড় করে উদ্ধারকারীদের প্রবেশের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। ভয়াবহ বন্যায় ত্রিশূলী নদী করিডরের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রকল্পের টানেলের প্রবেশপথ কাদা ও ধ্বংসাবশেষে আটকে গেছে। সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় উদ্ধার সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।[BANGVIEWS-POST:4745]উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি ভারত ও চীনের বিশেষজ্ঞরাও সহায়তা করছেন। দুর্গম পাহাড়ি ভূখণ্ড, কাদা ও নতুন করে বন্যার আশঙ্কার মধ্যেই অভিযান চালাতে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৭৩৪ জনে পৌঁছেছে এবং এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। চীনের তিব্বতে আরও ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: রয়টার্স

নেপালের জলবিদ্যুৎ টানেলে আটকা শ্রমিকদের বাঁচাতে পাম্প করা হচ্ছে অক্সিজেন