‘সৌদির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত’: হাবিবুল্লাহ মিয়াজি
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেছেন, সৌদি সরকার যুদ্ধের ডাক দিলে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের সংহতি রয়েছে এবং বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তাঁরা সেই সংহতির বার্তাই দিচ্ছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।অতীতের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে খেলাফত আন্দোলনের আমির বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল। অতীতের মতো এখনো বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা পবিত্র ভূমিতে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে এবং বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন। সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তব্য শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।