সমালোচনার মধ্যেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা
২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে চালু হওয়া হাইড্রেশন বিরতি নিয়ে সমর্থক, খেলোয়াড় ও কোচদের মধ্যে সমালোচনা থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপেও এই নিয়ম চালু রাখতে চায় ফিফা।মেক্সিকো ও ইকুয়েডরের শেষ বত্রিশের ম্যাচ ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বজ্রঝড়ের কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়। খেলা শুরুর আগে ফিফা এক বিবৃতিতে জানায়, এই ম্যাচে কোনো হাইড্রেশন বিরতি থাকবে না। তবে ম্যাচ শুরু হওয়ার পর দুই অর্ধেই পানি পানের বিরতি দেওয়া হয়।[BANGVIEWS-POST:994]পরে ফিফা তাদের বিবৃতি সংশোধন করে হাইড্রেশন বিরতি সংক্রান্ত অংশ সরিয়ে দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক সমর্থক। তাদের অভিযোগ, ফিফার সিদ্ধান্ত নিজেদের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।অনেকের মতে, বিরতিগুলো খেলোয়াড়দের সুরক্ষার চেয়ে সম্প্রচারকারীদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ বেশি করে দিচ্ছে। এতে খেলার স্বাভাবিক ছন্দও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রায় তিন মিনিট করে দুটি হাইড্রেশন বিরতি রাখা হয়েছে। ফিফা বলছে, উত্তর আমেরিকার আবহাওয়া এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিরতির সময় খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচদের কাছ থেকে কৌশলগত নির্দেশনাও নিতে পারেন। তবে সমালোচকদের দাবি, সব ম্যাচে বাধ্যতামূলক বিরতি রাখার দরকার নেই। প্রচণ্ড গরম থাকলেই কেবল এমন বিরতি দেওয়া উচিত।ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এবং নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকসহ অনেকেই নিয়মটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বিরতি খেলার গতি নষ্ট করছে এবং প্রতিটি ম্যাচে একই নিয়ম প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়।অন্যদিকে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ কিছুটা ভিন্ন মত দিয়েছেন। তার মতে, খেলোয়াড়দের জন্য বিরতি উপকারী হতে পারে। তবে বর্তমান সময়সীমা বেশি। পানি পানের জন্য এত দীর্ঘ বিরতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।[BANGVIEWS-POST:985]ব্রিটিশ সংবাদমাধ্যম সিটি এএম জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে এবং ২০৩৪ সালের আসর সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এসব দেশে গরমের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকায় ফিফা ভবিষ্যতেও হাইড্রেশন বিরতি চালু রাখতে আগ্রহী।তবে টুর্নামেন্ট শেষে নিয়মটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে। এরপর বিরতির সময়সীমা বা প্রয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।