পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি
বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।বুধবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।[BANGVIEWS-POST:3252]স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ রূপান্তর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘ ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।জবাবে স্টিফেন রড্রিগেজ উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান স্টিফেন রড্রিগেজ। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।