ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশসহ সাত দেশের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে দেশটির সরকার। নতুন এ ব্যবস্থায় একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিটি অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এতে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল এবং ভিসার ব্যবস্থা করার প্রয়োজন কমবে।[BANGVIEWS-POST:1567]প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মেক্সিকোর নাগরিকেরা এ সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একবারেই পুরো সফরের পরিকল্পনা করতে পারবেন। প্যাকেজে রিটার্ন ফ্লাইট, সৌদি সরকারের অনুমোদিত আবাসন, পর্যটন ভিসা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে। চাইলে পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও দর্শনীয় স্থান ভ্রমণের সেবাও যুক্ত করতে পারবেন।গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন হলে ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ইলেকট্রনিকভাবে দেওয়া হবে। ফলে আবেদনকারীকে আলাদাভাবে সৌদি দূতাবাসে গিয়ে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্যাকেজের প্রাথমিক মূল্য চার হাজার সৌদি রিয়াল থেকে শুরু হতে পারে। এর মধ্যে বিমান ভাড়া, আবাসন, ভিসা প্রক্রিয়া এবং নির্বাচিত পর্যটন অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকবে। [BANGVIEWS-POST:1559]তবে প্যাকেজের মূল্য ভ্রমণের সময়, বিমান ভাড়া, হোটেলের ধরন এবং অবস্থানের মেয়াদের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বুকিং বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে।এই প্যাকেজে উমরাহ পালনের জন্য আলাদা কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। তবে বৈধ পর্যটন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর প্রচলিত বিধি ও অনুমতির আওতায় দেশটির বিভিন্ন এলাকা ভ্রমণ করা যাবে।সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, ভিসা ইস্যুর প্রক্রিয়াকে ভ্রমণ বুকিংয়ের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের যাত্রা আরও সহজ ও সমন্বিত করা হচ্ছে। এ উদ্যোগ সৌদি আরবকে আরও সহজলভ্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে পরিণত করতে সহায়তা করবে। সৌদি আরবের পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমা কর্তৃপক্ষের সমন্বয়ে কর্মসূচিটি তৈরি করা হয়েছে। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  সূত্র: গালফ নিউজ

বাংলাদেশসহ সাত দেশের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা