ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা থেকে সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজার যাত্রী

রাজধানী ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বন্দরনগরী দাম্মাম রুটে ব্যাপক শিডিউল বিপর্যয়ের কারণে ১৮০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন এসব রুটের প্রায় ২৩ হাজার ৮৫ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর ২০২৬) পর্যন্ত এক মাসের কম সময়ে এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে, যার মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি সংযোগকারী ট্রানজিট ফ্লাইট রয়েছে।বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ ৫১টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। অপর দিকে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যেও ব্যাপক বাতিল লক্ষ্য করা গেছে। এর মধ্যে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ৩০টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ১৪টি ও ফ্লাই দুবাইয়ের ৮টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ওমানের সালাম এয়ারের ৭টি এবং মধ্যপ্রাচ্যের অপর প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেবিচক সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটের সিংহভাগ যাত্রীই রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের অভ্যন্তরীণ উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

ঢাকা থেকে সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজার যাত্রী