বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও নারীদের বাসযাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
ভারতের তামিলনাড়ুতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ বহনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। একই সঙ্গে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের বিদ্যমান সুবিধা আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তিনি।সোমবার (২৪ আগস্ট) তামিলনাড়ু বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিজয়। ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে আড়াই লাখ রুপি বা তার কম আয় করা পরিবারগুলো বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সমপরিমাণ অর্থ পাবে। আগামী বছরের জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। [BANGVIEWS-POST:4374]তবে সুবিধাভোগীদের সরাসরি সিলিন্ডার দেওয়া হবে না। তারা প্রথমে সংশ্লিষ্ট তেল বিপণন প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার কিনবেন। পরে কেনার তথ্য যাচাই করে সিলিন্ডারের পুরো মূল্য সংশ্লিষ্ট পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে ফেরত দেবে রাজ্য সরকার। আড়াই লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয় করা পরিবারের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিবন্ধী সদস্য রয়েছেন এমন পরিবারও এই সুবিধার আওতায় থাকবে। [BANGVIEWS-POST:4373]নারীদের বিনা ভাড়ায় বাসযাত্রার সুবিধাও আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। আগামী ২ অক্টোবর থেকে সাধারণ সরকারি বাসের পাশাপাশি এক্সপ্রেস, ডিলাক্স এবং পাহাড়ি এলাকার নির্দিষ্ট সরকারি বাসেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এই সুবিধা পেতে নারীদের আয়ের কোনো সীমা থাকবে না এবং যাত্রার সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হবে না। রূপান্তরকামী ব্যক্তিরাও এই সুবিধা পাবেন। একই দিনে মুখ্যমন্ত্রী পাড়ান্দুরে প্রস্তাবিত নতুন বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন। কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকার ওপর সম্ভাব্য প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বিরোধিতা করে আসছিলেন স্থানীয় কৃষকেরা।