ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে গণমিছিল

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা নিজেদের ঘোষিত ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।শনিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস করা হচ্ছে। সরকারের অনেক মন্ত্রী-এমপি পতিত ফ্যাসিস্টদের সুরে কথা বলছেন, যা জাতির জন্য লজ্জাজনক।তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতারা জেল থেকে বেরিয়ে বলেছিলেন, ছোট্ট বাচ্চারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তাই তারা মুক্তি পেয়েছেন। তারা জুলাই যোদ্ধাদের ভুলবেন না বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের প্রায় ৭০ শতাংশ হ্যাঁ ভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।সিলেট মহানগর জামায়াতের আমির আরও বলেন, রাষ্ট্রের সব স্তরে দলীয়করণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে। বিএনপি তাদের ৩১ দফায় উল্লেখ করা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও গুম কমিশনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে না।গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।গণমিছিলে ১১ দলীয় ঐক্য ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্টদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মধ্যেই সরকারের মঙ্গল নিহিত। অন্যথায় রাজপথেই গণরায়ের দাবির ফয়সালা হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে গণমিছিল