পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, নতুন প্রস্তাব সিপিডির
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিকের আলোচনার মাধ্যমে এই সীমার মধ্যে নতুন মজুরি ঠিক করা যেতে পারে।বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে তার পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।এই হিসাবের ভিত্তিতে সিপিডি মনে করছে, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার সীমা বিবেচনায় নেওয়া উচিত। তবে চূড়ান্ত অঙ্ক নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন।সংস্থাটি আরও বলেছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর করলে চলবে না। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব, শ্রমিকের উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের আর্থিক ও উৎপাদন সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। এ জন্য এসব উপাত্তের ভিত্তিতে একটি প্রমাণনির্ভর মজুরি নির্ধারণ পদ্ধতি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সিপিডি।