ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, কারাগারে রাখার আবেদন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে (৮১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে ঢাকার আদালতে এ আবেদন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য।আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, সাদিকুল ইসলাম হত্যা মামলায় নাহিদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন।এ সময় আসামিদের নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।পরে আরও ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। আন্দোলনকারীদের মারধরের পাশাপাশি এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগও রয়েছে।এ সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সাদিকুল ইসলামের বয়স ছিল ২১ বছর। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।সাদিকুলের মৃত্যুর ঘটনায় প্রথমে আদালতে নালিশি মামলা করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।এদিকে পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে জয়ী হন। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, কারাগারে রাখার আবেদন