সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ সাংবাদিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগের ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে ওই কর্মকর্তা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও নীতিমালার গুরুত্বপূর্ণ অংশ। কোনো অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ার কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরা সংবাদকর্মীদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার মুখোমুখি না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।এ সময় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নৈতিক স্খলনের একাধিক অভিযোগ তোলেন বক্তারা। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন ওই কর্মকর্তা।বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিগত বছরগুলোতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন আবু নাসের চৌধুরী। পাশাপাশি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে গণপূর্ত অধিদপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তারা।তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও আগের মতো প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন অভিযুক্ত কর্মকর্তা। এ কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান।এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বাধীনভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা কঠিন হয়ে পড়বে। তাই হুমকির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।মানববন্ধন থেকে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।একই সঙ্গে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।