সহিংসতা ও নাশকতার দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরে ২০২৬ সালের জানুয়ারিতে সংঘটিত সহিংসতায় সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ এবং পরিকল্পিত নাশকতার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) দেশটিতে এই ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিভবান্দ, হামিদ কাজেমি এবং রেজা জাঙ্গানেহ।ইরানের বিচার বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, আসামিরা ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা কাঠামোর সাথে সমন্বয় করে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিল বলে আদালতে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে মোলোটভ ককটেল ও হাতে তৈরি গ্রেনেড তৈরি ও ব্যবহার, সরকারি-বেসরকারি স্থাপনায় সহিংস হামলা এবং কারাজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করার অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।মামলায় মোট ১১ জন আসামির বিচার সম্পন্ন হয়। তদন্তে প্রমাণিত হয় যে একটি অটো মেরামতের গ্যারেজের মালিক হাসান দিভবান্দ এই নাশকতাকারী দলটির মূল সংগঠক ও সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। তিনি তাঁর আত্মীয় ও কর্মচারীদের দলে যুক্ত করেন এবং জানুয়ারির ৮ ও ৯ তারিখের সহিংসতার আগে প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেন। অপর আসামি হামিদ কাজেমি তাঁর নিজের বাড়ির বেসমেন্টে মোলোটভ ককটেল ও দেশীয় গ্রেনেড তৈরির কারখানা গড়ে তুলেছিলেন এবং রেজা জাঙ্গানেহ বিদ্যুৎ সাবস্টেশনে সরাসরি নাশকতা পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন।মামলার অপর আট আসামিকে তাঁদের অপরাধের মাত্রাভেদে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিচার বিভাগ নিশ্চিত করেছে।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি