ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শীতের সবজিতে স্বস্তি, তবে টমেটো ১৬০ ও নতুন আলু ১৪০ টাকা

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া, আর মাছের বাজারেও দামের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে অধিকাংশ সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, তবে ভালো মানের শিম ১০০ টাকা পর্যন্ত উঠছে। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং জাতভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা এবং আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।তবে নতুন মৌসুমের সবজি বাজারে এলেও টমেটো ও আলুর দাম এখনো বেশ বেশি। মানভেদে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে এবং কাঁচা টমেটো ৬০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা।জোয়ারসাহারা বাজারের এক সবজি বিক্রেতা জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে; কিন্তু আমদানি করা পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশি নতুন পাকা টমেটোর দাম কমছে না। সরবরাহ আরও বাড়লে টমেটো ও নতুন আলুর দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে ফার্মের মুরগির ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকায় সবজি, ডিম ও পেঁয়াজে স্বস্তি মিললেও মাছ কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

শীতের সবজিতে স্বস্তি, তবে টমেটো ১৬০ ও নতুন আলু ১৪০ টাকা