সন্ত্রাসীদের ভয়ে দোকানপাট বন্ধ, ‘সাবধানে থাকুন’ বলে দায় সারছে পুলিশ!
খুলনা নগরীতে খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না; বরং বিভিন্ন এলাকায় নতুন নতুন অপরাধী চক্রের উত্থান ঘটছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ।ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেই। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে না, আবার মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। টহল পুলিশের সংখ্যা কমে যাওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠানটির মালিককে হুমকি দিয়ে নুর আজিম দম্ভোক্তি করে বলেন, “পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।”পুলিশের অসহযোগিতায় ভুক্তভোগী ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন অভিযোগ করেন, হামলার পর পুলিশ দেরিতে আসে এবং ভাঙচুর শেষে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ উল্টো তাঁকে সাবধানে ও একা চলাচল না করার পরামর্শ দিয়ে যায়। একইভাবে সন্ত্রাসীদের হুমকির পর জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন পুলিশকে জানালে তাঁকে আপাতত দোকান বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। পুলিশের কার্যকর সহায়তা না পেয়ে নগরীর চয়নিকা ফার্মেসিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বাবু।সদর থানা এলাকায় ব্যাপক চাঁদাবাজির ঘটনায় ওসি লোকমান হোসেনের পূর্ব অভিজ্ঞতার অভাব এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর ইসলামের ঘটনাস্থলে অনুপস্থিতি নিয়েও ক্ষোভ ও দক্ষতার প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, পুলিশের সদিচ্ছার অভাবেই অপরাধ দমন হচ্ছে না।অভিযোগের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অপরাধ দমনে রাষ্ট্রের সব অর্গান একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা রয়েছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন, ফলে অপরাধীরা ছাড় পেয়ে যায়।”অন্যদিকে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন, “পুলিশ অপরাধীদের আসামি হিসেবে ট্রিট করছে না এবং মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রাখছে, যাতে তারা ছাড়া পাচ্ছে। সন্ত্রাসীদের রুখতে আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।”পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “এই খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এ অবস্থা থেকে বের করতে না পারলে এই শহর বাস অযোগ্য হয়ে পড়বে।”