ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে দৈনিক গ্যাসের ঘাটতি ২,২২০ মিলিয়ন ঘনফুট: সংসদে মন্ত্রী

দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও দেশীয় উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই তীব্র সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।জ্বালানিমন্ত্রী সংসদকে জানান, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এসব পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি অব্যাহত রাখা, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং জ্বালানির বিকল্প উৎস তৈরি করা।দেশীয় গ্যাস অনুসন্ধান ও ১৫০ কূপ খনন: নতুন গ্যাসের মজুত খুঁজে বের করতে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী জানান, বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের তথ্য সংগ্রহ শেষ করেছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলমান এবং অবশিষ্ট ১১১টি কূপের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।সমুদ্রাঞ্চলে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র: সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্যও নতুন পিএসসির খসড়া তৈরি করা হয়েছে।বিকল্প উৎস থেকে এলএনজি ও হরমুজ প্রণালি সংকট: এলএনজি সরবরাহের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের সাতটি দীর্ঘমেয়াদি ও তিনটি স্বল্পমেয়াদিসহ মোট ১০টি সরবরাহ চুক্তি রয়েছে। এছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য বাধা তৈরি হয়েছে। এ সংকট সামাল দিতে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।মহেশখালী ও মাতারবাড়ীতে নতুন টার্মিনাল: এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি নতুন টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এই দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা বেড়ে দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে।ভোলার গ্যাস ব্যবহারের পরিকল্পনা: এদিকে ভোলায় মজুত থাকা অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানো গেলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে সংসদে আশাবাদ ব্যক্ত করেন জ্বালানিমন্ত্রী।

দেশে দৈনিক গ্যাসের ঘাটতি ২,২২০ মিলিয়ন ঘনফুট: সংসদে মন্ত্রী