ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

পদত্যাগ করা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ অক্টোবর।মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। পরদিন ২৯ অক্টোবর এসব আপিল নিষ্পত্তি করা হবে।এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, সব প্রক্রিয়া শেষে ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে গত ১ অক্টোবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে ১ অক্টোবর খবর প্রকাশিত হয়।সেদিন দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।পরে একই দিন জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে গেজেট প্রকাশের মাধ্যমে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়।আসনটি শূন্য হওয়ার পর এবার সেখানে নতুন সংসদ সদস্য নির্বাচনের জন্য আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করল নির্বাচন কমিশন।

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর