শেয়ারবাজার ধসের খবর পড়তে গিয়ে লাইভে কাঁদলেন উপস্থাপিকা
শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ও বিনিয়োগকারীদের লোকসানের খবর উপস্থাপন করতে গিয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা। বাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় আবেগ সামলাতে না পেরে কয়েকবার কথা থামিয়ে দেন তিনি। পরে নিজেকে সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আশা হারাবেন না।’বুধবার (২৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একটি অর্থনীতিবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কিম আহ-হিউন নামের ওই উপস্থাপিকা নিয়মিত শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।এদিন ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন তিনি। বিশেষ করে দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির বড় দরপতন এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকারীদের লোকসান নিয়ে আলোচনা করছিলেন।স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতনের বিষয়টিও তুলে ধরেন কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার সূচক নাসডাকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলেন তিনি।বাজারের নেতিবাচক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একপর্যায়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবারও আলোচনা শুরু করলেও আবেগের কারণে কয়েকবার বিরতি নিতে হয় তাকে।সরাসরি সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।অনুষ্ঠানে শেয়ারবাজারের পরিস্থিতি হতাশাজনক হলেও বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কিম। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আশা হারানো উচিত নয়।এদিকে টেলিভিশন উপস্থাপিকার কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শেয়ারবাজারে ব্যক্তিগত বিনিয়োগকারীদের বড় ধরনের লোকসান এবং বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করেন।তবে কিম আহ-হিউন নিজে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে শেয়ারবাজারের দরপতন, ব্যক্তিগত লোকসান নাকি অন্য কোনো কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাও স্পষ্ট নয়।শেয়ারবাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় একজন অভিজ্ঞ উপস্থাপিকার এমন আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে লাইভ অনুষ্ঠানে তার কান্না এবং বিনিয়োগকারীদের উদ্দেশে আশা না হারানোর আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।সূত্র : এনডিটিভি।