ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খালেদা জিয়ার স্মরণে শিকাগোয় সড়কের নামফলক উন্মোচন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। শহরের বিখ্যাত উইলিস টাওয়ারসংলগ্ন আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের সম্মানসূচক নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন গিলবার্ট ভিলেগাস।প্রস্তাব অনুযায়ী, উইলিস টাওয়ারের কাছে ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশকে এই সম্মানসূচক নামকরণের আওতায় আনা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী না হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।তাঁর বক্তব্যে উঠে আসে, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রামের কারণে বাংলাদেশের কোটি মানুষের কাছে খালেদা জিয়া ‘দেশনেত্রী’ এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন।অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধু তাঁর ব্যক্তিগত সম্মাননা নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনে তিনি আপসহীন অবস্থান বজায় রেখেছিলেন।গিয়াস আহমেদের ভাষ্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এবং কারাবরণ করেছেন। তাঁর সেই রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার নামে এই সম্মানসূচক সড়কের নামকরণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক স্মৃতিকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের একটি পরিচিত স্থানের সঙ্গে যুক্ত করা হলো।

খালেদা জিয়ার স্মরণে শিকাগোয় সড়কের নামফলক উন্মোচন