ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শারদীয় দুর্গোৎসবে আজ তিন জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিনে মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান রাজধানী ঢাকার বাইরে গিয়ে বিভাগীয় পর্যায়ের দুর্গাপূজার মণ্ডপ সরাসরি পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই ঐতিহাসিক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে প্রধানমন্ত্রী তিন জেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং বিকেলে চট্টগ্রাম সফর করবেন। প্রতিটি গন্তব্যে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশলবিনিময় ও শারদীয় শুভেচ্ছা জানাবেন। দিনব্যাপী ম্যারাথন সফর শেষে চট্টগ্রাম থেকে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে রবিবার রাতে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তিন বিভাগেই নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের আমেজ বিরাজ করছে: রংপুর: সকালে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, সফর উপলক্ষে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পুরো নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রাজশাহী: দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন সরকারপ্রধান। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। রাজশাহীর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, জনসভা থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক চার লেন করা, সরাসরি তিনটি নতুন ট্রেন এবং বিমানবন্দরে কার্গো সেবা চালুর দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। চট্টগ্রাম: বিকেলে চট্টগ্রামে পৌঁছে সন্ধ্যায় জে এম সেন হলের ঐতিহাসিক রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। রাতে রেডিসন ব্লুতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি একে ঐতিহাসিক উল্লেখ করে উষ্ণ অভ্যর্থনার কথা জানান। চট্টগ্রাম নগর পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবিসহ ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মীর সমন্বয়ে সেখানে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

শারদীয় দুর্গোৎসবে আজ তিন জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী