ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শশী থারুরের উদ্বেগ

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনসংক্রান্ত প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা কড়াকড়ির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার সীমিত করতেই রাজধানীতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের এই নেতা।থারুরের দাবি, রাত দুইটার পর দিল্লিতে ফিরে তিনি রাজধানীর সড়কগুলোতে অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা দেখতে পান। কয়েকশ মিটার পরপর তল্লাশিচৌকি স্থাপন, কংক্রিটের ব্যারিকেড এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্পাইক স্ট্রিপ বসানোর কথা উল্লেখ করেন তিনি।তার দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ২৫০টি ট্রেন বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।দিল্লির কেন্দ্রস্থলে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগও তুলেছেন শশী থারুর। তার মতে, এসব পদক্ষেপ সাধারণ মানুষের চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।তিনি অভিযোগ করেন, দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকায় তরুণদের বাড়ি এবং সড়ক থেকে আটক করা হচ্ছে। নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।রাজধানীর জন্তর মন্তর এলাকায় প্রবেশে বাধা দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন থারুর। তিনি বলেন, নাগরিকদের প্রতিবাদ জানানোর জন্য নির্ধারিত এই স্থানে যাওয়ার পথও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের সময় এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী কোথায় থাকেন, সে প্রশ্নও তোলেন তিনি।আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে থারুর প্রশ্ন করেন, আন্দোলনকারীরা সোমবার আবার কর্মসূচিতে অংশ নিতে এলে কর্তৃপক্ষ কি একইভাবে পুরো রাজধানীতে অবরোধ সৃষ্টি করবে?ফেসবুক পোস্টে দিল্লির পরিস্থিতি বোঝাতে ‘আনডিক্লেয়ার্ড এমারজেনসি’ বা অঘোষিত জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তরুণ প্রজন্মের জন্য এমন পরিবেশ উদ্বেগজনক বলেও মন্তব্য করেন।কংগ্রেসের এই নেতার মতে, কোনো সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আত্মবিশ্বাসী হলে নাগরিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরিবর্তে সেগুলোর উত্তর দেওয়া উচিত।তিনি বলেন, রাজধানীকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে পরিণত করলে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বাড়বে না; বরং সন্দেহ আরও গভীর হতে পারে।শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের পরিবর্তে নাগরিকদের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান থারুর। তার মতে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র বোঝা যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা নাগরিকদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তার মাধ্যমে।দিল্লির বর্তমান পরিস্থিতিকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন শশী থারুর।সূত্র : এনডিটিভি।

দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শশী থারুরের উদ্বেগ