ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ

মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি উল্লেখ করেন, একতরফা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি; বরং দেশটি নিজেদের রপ্তানি বাণিজ্য সফলভাবে ‘গ্লোবাল মেজরিটি’ বা পশ্চিমা বলয়ের বাইরের বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। রুশ গণমাধ্যম কোমারসান্ট-এ প্রকাশিত “আন্তর্জাতিক নিরাপত্তায় বৈশ্বিক অর্থনীতির প্রভাব” শীর্ষক এক বিশেষ নিবন্ধে লাভরভ এসব মন্তব্য করেন।নিবন্ধে লাভরভ স্মরণ করিয়ে দেন, একসময় ইউরোপীয় ইউনিয়ন ছিল রাশিয়ার একক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যা রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ পূরণ করত। কিন্তু ব্রাসেলস নিজস্ব সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও জ্বালানি চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করে মস্কোর সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।নিষেধাজ্ঞার বৈশ্বিক প্রভাব তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করেন, এই বিধিনিষেধ রাশিয়ার অর্থনীতিকে অচল করার বদলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষের জীবনযাত্রার মান লক্ষণীয়ভাবে কমে গেছে। ইউরোপের সাধারণ নাগরিকদের ওপর চেপে বসা এই অর্থনৈতিক সংকটের কারণেই বর্তমানে পুরো ইইউজুড়ে নানা গণবিক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। অথচ ইউরোপীয় প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব তাদের অন্ধ ‘রুসোফোবিয়া’ বা রুশ-বিদ্বেষের কারণে যে ভয়াবহ আর্থিক মূল্য দিতে হচ্ছে, তা নিয়ে সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে বসে আছে।পশ্চিমা বাজারের বিকল্প প্রসঙ্গে সের্গেই লাভরভ জানান, মস্কো তার বাণিজ্য কৌশলে আমূল পরিবর্তন এনেছে। ইউরোপীয় বাজার থেকে সরে এসে রাশিয়া তার রপ্তানি পণ্যের একটি বিশাল অংশ এশিয়া ও বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাজারে সফলভাবে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার মোট সামগ্রিক রপ্তানির প্রায় ৮০ শতাংশ এবং সামগ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার বাজারে প্রায় ৭০ শতাংশ পণ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।জ্বালানি সরবরাহ বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে রাশিয়া বিশ্বমঞ্চে সবসময়ই একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। এমনকি সংকটের মধ্যেও ২০২২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত রাশিয়া একাই ইউরোপের বাজারে প্রায় ৩২০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি ও শক্তি সম্পদ সরবরাহ করেছে।

পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ