কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান
শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে ঘরমুখী ও ঢাকায় ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং স্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বন্ধে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ মাদকবিরোধী ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রেলস্টেশন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদার করতে বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান শুরু করা হয়।অভিযানের অংশ হিসেবে স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, অপেক্ষাগার এবং ট্রেনের ভেতরে তল্লাশি ও সার্বিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। উৎসবের মৌসুমে রেলস্টেশনে বিপুলসংখ্যক যাত্রীর সমাগম ঘটে। এই সুযোগে স্টেশন এলাকায় মাদকসেবী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সাধারণ যাত্রীরা যেন কোনো ধরনের হেনস্তা, চুরি কিংবা নিরাপত্তাঝুঁকি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।এসআরবি-৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রেলস্টেশনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ডগ স্কোয়াডের মাধ্যমে প্ল্যাটফর্ম ও যাত্রীদের ব্যাগ নিয়মিত স্ক্যান করা হচ্ছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূজার পুরো ছুটিজুড়ে যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও রেলস্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে এসআরবি-৩-এর সদস্যদের এই বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।