এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর নবজাতকের পিতৃত্ব দাবি করা নিয়ে চরম নাটকীয়তা ও জটিলতার সৃষ্টি হয়েছে। সন্তান জন্মের ঠিক পরপরই হিন্দু ও মুসলিম—দুই ভিন্ন ধর্মের দুজন ব্যক্তি নিজেদের ওই নবজাতকের বাবা ও গৃহবধূর বৈধ স্বামী হিসেবে দাবি করলে হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল তৈরি হয়। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ মেমোরিয়াল হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ একটি সন্তান প্রসব করেন। প্রসবকালীন সময় হাসপাতালে শান্তার পাশে উপস্থিত ছিলেন সুভাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে বিপত্তি ঘটে রবিবার সকালে, যখন এমদাদুল নামের আরেক ব্যক্তি হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে শান্তাকে নিজের স্ত্রী এবং নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন।এমদাদুল উপস্থিত ব্যক্তিদের সামনে তাঁদের বিয়ের কাবিননামা ও দাম্পত্য জীবনের একাধিক প্রামাণ্য নথি প্রদর্শন করে জানান, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্রে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁরা দীর্ঘদিন ঢাকায় সংসার করছিলেন। সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। তবে প্রথম স্বামী এমদাদুল হাসপাতালে হাজির হওয়ার খবর পেয়েই কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন দ্বিতীয় দাবিদার সুভাস। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।অন্যদিকে শান্তা দাবি করেন, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং সদ্য জন্ম নেওয়া শিশুটির পিতাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো আনুষ্ঠানিক বিয়ের প্রমাণ ও নথিপত্রের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুলকে বিয়ে করার পরও শান্তা বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এর মাঝে ২০২৪ সালে আগের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামী সুভাস জানতেন চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়, অথচ শান্তা ঢাকায় প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে এসে দ্বিতীয় স্বামীর সাথেও দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছিলেন।আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, নবজাতকের পিতৃত্ব এবং দুই স্বামীর প্রকাশ্য বিবাদ ঘিরে হাসপাতালে জটিল পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার নবজাতকসহ তাঁর মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পুরো পরিস্থিতি প্রকাশ্যে আসার পর দুই স্বামীর কেউই আর হাসপাতালে অবস্থান করেননি।