ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কে জানত জীবনের শেষ কাজটা আমার সঙ্গে হবে’, সোহেল খানকে নিয়ে আবেগঘন পোস্ট

অল্প দিনের পরিচয়। কিন্তু এর মধ্যেই আপন মানুষ হয়ে উঠেছিলেন অভিনেতা সোহেল খান। শুটিং সেটে হাসি-ঠাট্টা আর খুনসুটিতে মাতিয়ে রাখতেন সবাইকে। সেই মানুষটির আকস্মিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ‘নসিব’ সিনেমার নায়ক রাসেল রানা। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।সোহেল খানের মৃত্যুর পর ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন রাসেল রানা। তিনি লেখেন, ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে…’।রাসেল জানান, পরিচয় খুব বেশি দিনের না হলেও সোহেল খান অল্প সময়েই তাঁর কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সহজ-সরল কথাবার্তা, প্রাণখোলা হাসি আর খুনসুটিতে পুরো শুটিং ইউনিটকে মাতিয়ে রাখতেন তিনি। কে কী ভাবল, তা নিয়ে খুব একটা ভাবতেন না এই অভিনেতা।সহকর্মীকে হারানোর কষ্ট প্রকাশ করে রাসেল বলেন, এত অল্প দিনের পরিচয়ের একজন মানুষের জন্যও যে এতটা খারাপ লাগতে পারে, তা সোহেল খানের আন্তরিক ও বন্ধুসুলভ আচরণেই বুঝতে পেরেছেন তিনি।আরও কিছুটা সময় সোহেল খানকে কাছে পাওয়ার আক্ষেপও ঝরে পড়ে তাঁর লেখায়। রাসেল লেখেন, ‘যেতে হবে সবাইকে, তারপরও আর কিছুটা সময় সোহেল ভাই পেলে হয়তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারতাম।’এদিকে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পর সোহেল খানকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।পরিচালক আরও জানান, সোহেল খানের মরদেহ বগুড়া থেকে সরাসরি ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফনের কথা রয়েছে।অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপন ও বন্ধুসুলভ আচরণের জন্য সহকর্মীদের কাছে প্রিয় ছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক বিদায়ে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মীরা।

কে জানত জীবনের শেষ কাজটা আমার সঙ্গে হবে’, সোহেল খানকে নিয়ে আবেগঘন পোস্ট