ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদী থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন শনিবার সকালে সীমান্তবর্তী নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়।নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সাবেক সদস্য ছিলেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অংথেপ্রু। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু হয়।নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজেও বাবার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি বিওপিতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরাও তাঁর খোঁজ নিতে শুরু করেন।শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে আবারও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিখোঁজ অংথেপ্রুর সন্ধানে বের হন পরিবারের সদস্যরা।সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে একটি ঘাসের বস্তা দেখতে পান তাঁরা। বস্তাটি অংথেপ্রুর বলে শনাক্ত করার পর আশপাশে খোঁজ করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।থৈ অংগ্য মারমা জানান, তাঁর বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধারের সময়ও ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে দাবি করেন তিনি।এদিকে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। সীমান্তের ২২১৪/১৮ এস বিডি নম্বর পিলারসংলগ্ন এলাকায় তারা উপস্থিত হওয়ার আগেই স্বজনরা নদীর অপর পাশ থেকে মরদেহ এপারে নিয়ে আসেন।পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নেওয়া হয়।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহত ব্যক্তির কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এসব আঘাত কীভাবে লেগেছে কিংবা ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।অংথেপ্রু মারমার মৃত্যুর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার