ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল স্বামী, বসতভিটা ও জীবনের সব স্বাভাবিকতা। সেই ভয়াল রাতে স্রোতের তোড়ে হারিয়ে যাওয়া আট বছর বয়সি ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রেবা বেগম (৬৭)। মেয়ে একদিন ঠিকই ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে—এই বিশ্বাসে দীর্ঘ ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধে বসে মেয়ের পথ চেয়ে আছেন এই বৃদ্ধা।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে একা বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে ১৯ বছর ধরে বয়ে চলা এক মায়ের নিঃশব্দ হাহাকার ও অপেক্ষার করুণ গল্প।একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাঁদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। সিডরের রাতে প্রাণ বাঁচাতে আশপাশের অনেক মানুষ তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস শুরু হলে সবাই ঘর ছেড়ে বেড়িবাঁধে ওঠেন এবং প্রচণ্ড স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয়কেন্দ্রের কাছে পৌঁছান এবং পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন। পরদিন সকালে বড় মেয়ে রুমা খাতুনকে একটি গাছের ডাল থেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর মরদেহ পাওয়া যায় এবং কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর তাঁকে মাটিচাপা দিতে বাধ্য হন রেবা বেগম। কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।সেই থেকে শুরু হয় এক মায়ের অন্তহীন অপেক্ষা। ১৯ বছরের ব্যবধানে মধ্যবয়সি নারী থেকে তিনি আজ শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বর নদের ভাঙনে বিলীন হয়েছে তাঁদের কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে গেলেও অন্য কোথাও গেলে মেয়ে ফিরে এসে তাঁকে খুঁজে পাবে না—এই ভয়ে বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরেই থেকে গেছেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে গেলেও আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নেন তিনি।কান্নাজড়িত কণ্ঠে রেবা বেগম বলেন, “সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।”নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) জানান, ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে এবং তাঁদের সব জমিজমা নদীতে বিলীন হয়েছে। অন্যত্র বিয়ে হলেও মাকে একা রেখে যাওয়ার মতো কেউ না থাকায় বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে তাঁকে। ঝড় ও বড় জোয়ারে ঘরে পানি উঠলেও রহিমা ফিরে আসবে—এই আশায় মা কিছুতেই এলাকা ছাড়তে রাজি নন।রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, সিডরের সময় অনেক শিশু নিখোঁজ হয়েছিল, যাদের বিভিন্ন সংস্থা উদ্ধার করে নিয়ে গিয়েছিল এবং বড় হয়ে তাদের কেউ কেউ শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। সেই উদাহরণ থেকেই রহিমাও একদিন ফিরে আসবে বলে আশা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁর বোন।

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা