সাঈদ খোকনের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে একই মামলায় তৃতীয় দফায় তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো।রোববার (২৯ নভেম্বর) সাঈদ খোকনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক নতুন করে রিমান্ডের আবেদন করেন। এতে সাঈদ খোকনের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে অর্থ ও অস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ আনা হয়।তদন্ত কর্মকর্তার দাবি, আন্দোলনকারীদের দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সাঈদ খোকনের সম্পৃক্ততা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, আগের দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি। বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি পুলিশের।তদন্ত কর্মকর্তা জানান, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে সাঈদ খোকন চিনলেও তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। এ কারণে তাঁর দেওয়া তথ্য যাচাই এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।এর আগে গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গ্রেপ্তারের দিন আদালতে হাজির করে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রথম দফার রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর সাঈদ খোকনকে আবার আদালতে হাজির করা হয়। সেদিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে রোববার তৃতীয়বারের মতো তাঁকে আদালতে হাজির করে ডিবি। এবার পাঁচ দিনের আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন। ফলে একই মামলায় তিন দফায় সাঈদ খোকনের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হলো।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। ওই দিন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।এ ঘটনায় একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বর আসামি হিসেবে।