ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা চান গভর্নর

দেশের ব্যাংক খাত পুনর্গঠন ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, এ অর্থায়ন পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে। ব্যাংক খাতের সংকটের দায় শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গভর্নর।ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, খাতটি দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ব্যাংক খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন।গভর্নর জানান, ব্যাংক খাত পুনর্গঠনের জন্য সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এই সহায়তা পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে।তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন। কারণ, অতীতের আর্থিক অনিয়মের কারণে সৃষ্ট সংকটের দায় পরবর্তী প্রজন্মের ওপর পড়বে।এর আগেও ব্যাংক খাত পুনরুদ্ধারে একই পরিমাণ অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন গভর্নর। গত ১০ অক্টোবর তিনি বলেছিলেন, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে জাতীয় বাজেট থেকে পাঁচ থেকে আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।দেশের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় মূল্যস্ফীতি অনেক বেশি থাকায় নীতি সুদহার উচ্চপর্যায়ে রাখতে হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে।তবে মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তাই এটি আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে টাকার বিনিময় হারের অবমূল্যায়নকে চিহ্নিত করেন মোস্তাকুর রহমান।তাঁর হিসাবে, গত ১০ বছরে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৬ শতাংশ হারে টাকার অবমূল্যায়ন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।গভর্নর ব্যাখ্যা করেন, টাকার মান কমে যাওয়ায় শুধু আমদানি করা প্রস্তুত পণ্যের দামই বাড়েনি, দেশের শিল্পকারখানায় ব্যবহৃত আমদানি করা কাঁচামালের ব্যয়ও বেড়েছে।এর প্রভাব উৎপাদন খরচের ওপর পড়ে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হয়।প্রকৃত কার্যকর বিনিময় হার বা রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেটের হিসাব নিয়েও কথা বলেন গভর্নর। তিনি জানান, অনেক ক্ষেত্রে এ হিসাবের জন্য ২২ থেকে ২৩ ধরা হয়। তবে ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে তাঁর মত।বাজারে আমদানি ব্যয় কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর।তিনি বলেন, আমদানিকারকেরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার মধ্যে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো কিছুটা ছাড় দিলে আমদানিকারকদের খরচ কমানো সম্ভব।ডলারের দাম মাত্র ৫০ পয়সা কমলেও আমদানি ব্যয়ে তার প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি।গভর্নরের মতে, আমদানির খরচ কমানো গেলে শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়েও এর সুফল পৌঁছানোর সুযোগ রয়েছে।এ কারণে আমদানিকারকদের কাছে ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের মুনাফার অংশ কিছুটা কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলে।তিনি জানান, আগের সময় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বেসরকারি খাত এবং ব্যাংকব্যবস্থার বিভিন্ন সমস্যার চাপ অর্থনীতিতে রয়েছে।তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক খাতের পুনর্গঠন এবং আমদানি ব্যয় কমানোর উদ্যোগকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা চান গভর্নর