জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্য, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট।[BANGVIEWS-POST:1232]লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে বহু মানুষ শহিদ ও আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছেন বলে অভিযোগ করা হয়।অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে একজন জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড শহিদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং সাধারণ মানুষের সামাজিক অনুভূতিতে আঘাত করেছে।মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই আন্দোলনকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তার বক্তব্যে আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।একই অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করা হয়েছে, যা বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।[BANGVIEWS-POST:1230]এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডেও জুলাই আন্দোলনের চেতনা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগকারী এস এম সুইট বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। সেই সময় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। তাই জুলাই আন্দোলন নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ বা কটাক্ষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।