ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসে আগুন, পুড়ল দুই আসন

চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগির দুটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরে পৌঁছে শেষ গন্তব্যের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেস। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার কথা ছিল ট্রেনটির।শেষ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন।তাঁরা পানি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বগিটির দুটি আসন পুড়ে যায়। তবে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েনি।ঘটনাস্থলে থাকা ট্রেনের একাধিক কর্মচারী জানিয়েছেন, তাঁরা আগুন লাগা বগির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন। তবে বোতলটির সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নির্ধারণের জন্য তদন্তের প্রয়োজন রয়েছে।চাঁদপুর বড় স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব শিকদার জানান, অগ্নিকাণ্ডের পরও ট্রেনটির নির্ধারিত যাত্রাসূচিতে পরিবর্তন আসেনি। শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসে আগুন, পুড়ল দুই আসন