মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আটজন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতুর সংযোগ ঢালে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর সেটি উল্টে যায়।দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বের করে আনে।[BANGVIEWS-POST:4862]আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেওয়ার পর উল্টে যায়। উদ্ধারকর্মীরা আট আহত যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছেন।সেতু কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সড়ক ভেজা ছিল। একই সঙ্গে বাসটির গতি বেশি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।দুর্ঘটনার কারণে ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।