ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল

গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তাঁর মতে, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে সরকার, জনগণ এবং সামগ্রিকভাবে দেশ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মীর হেলাল বলেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সংবাদমাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও কিছু ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এ কারণে সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে থেকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে।সাংবাদিকদের বেতন-ভাতা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তবে এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের মালিকদের আর্থিক সামর্থ্য ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদমাধ্যমের আয় এবং বিনিয়োগের সক্ষমতা বাড়বে। এতে সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।চট্টগ্রাম প্রেসক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মীর হেলাল বলেন, কোনো প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের যথাযথ সম্মান দেওয়া উচিত। এ সময় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তিনি।চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, তাঁদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জমির সংকট থাকলে ভবিষ্যতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনা করা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে মীর হেলাল বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। সাংবাদিকদের সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।গাজীপুরে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী ভাঙচুর বা নাশকতার মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পের ক্ষতি করতে চাইলে তা প্রতিহত করা হবে। এ ধরনের পরিস্থিতিতে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন মীর হেলাল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল