ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানের প্রচারঝলক। পাশাপাশি নতুন প্রতিযোগীদের খুঁজতে অডিশনের আহ্বান জানানো হয়েছে।একসময় মীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। হাস্যরস, অভিনয় ও প্রতিযোগীদের ব্যতিক্রমী পরিবেশনায় টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি হয়ে উঠেছিল ‘মিরাক্কেল’। টিআরপির তালিকাতেও শক্ত অবস্থান ছিল অনুষ্ঠানটির।শুধু দর্শকদের বিনোদন দেওয়াই নয়, নতুন কমেডি শিল্পীদের পরিচিতি পাওয়ার সুযোগও তৈরি করেছিল এই আয়োজন। অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।এবার নতুনভাবে প্রতিযোগী নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারঝলকে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তুতি পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘মিরাক্কেল’-এর নতুন মৌসুম। তবে সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।নতুন মৌসুমের বিচারক কারা হবেন, তা নিয়েও আলোচনা চলছে। পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরের ফেরার সম্ভাবনাও রয়েছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় মনে করেন, বর্তমান সময়ে টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, অনুষ্ঠানের যেকোনো দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে উপস্থাপনা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতন থাকতে হয় নির্মাতাদের।নতুন মৌসুম আয়োজনের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী পরিচালক।

পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’