অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, কে সেই পাত্র?
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নীরব থাকার পর এবার নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এবার জানা গেল, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে অভিনেত্রীর। আর মূল বিয়ের আয়োজন হবে ডিসেম্বরের শুরুতে পাহাড়ি শহর কালিম্পংয়ে।বিয়ে নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি মিমি। এ বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি তার বিয়ের একটি অভিনব আমন্ত্রণপত্র সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আমন্ত্রণপত্রে হবু বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে তাদের প্রিয় পোষ্যরাও।জানা গেছে, কলকাতার কসবায় নিজের ফ্ল্যাটে বাগদান ও আইনি বিয়ের আয়োজন করেছেন মিমি। সেখানেই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল এবং বিয়ের নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের পাশাপাশি বিনোদনজগতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত থাকতে পারেন।অতিথিদের সম্ভাব্য তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নাম রয়েছে। তবে মূল বিয়ের অনুষ্ঠান কলকাতায় নয়, আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে।মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। কয়েকটি প্রতিবেদনে তাকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেলেও এতদিন দুজনেই বিষয়টি ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন।বিয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে তিন দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হচ্ছে। পাহাড়ের মনোরম পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।বিয়ের প্রস্তুতিও ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার কলকাতার একটি পরিচিত গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে মিমিকে। পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোরে অভিনেত্রীর বিয়ের কেনাকাটার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।এদিকে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় পৌঁছেছেন মিমির মা-বাবা। পরিবারের সদস্যরাও বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। প্রেম কিংবা বিয়ের বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও এবার তার বিয়ের খবর ঘিরে ভক্তদের আগ্রহ বেড়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর সিদ্ধার্থ দত্তের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।