ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর

সৌদি আরবের প্রতি সামরিক সহায়তার বিষয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রকাশ্য ঘোষণার অনেক আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল কায়রো। মিসরের একটি উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের পাশাপাশি সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সামরিক বিমান ও সেনাসদস্য পাঠিয়েছে মিসর। মোতায়েনকৃত এই সামরিক বহরের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, আটটি সামরিক হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান।গণমাধ্যমের সঙ্গে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই সামরিক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এসব তথ্য জানান।ওই কর্মকর্তা আরও জানান, আকাশ ও স্থল সহায়তার পাশাপাশি মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে এসব যুদ্ধজাহাজ। উল্লেখ্য, এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে কায়রোর উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটেই মিসরের এই সামরিক তৎপরতা দেখা যাচ্ছে। এর আগে গত আগস্ট মাসেও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিসর; সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েনের খবর প্রকাশিত হয়েছিল।বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি মিসর ও সৌদি আরব উভয় দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আঞ্চলিক বাণিজ্য, সুয়েজ খালের রাজস্ব এবং আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।সূত্র: মিডল ইস্ট আই।

সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর