মিছিলের ফুটেজ দেখে শনাক্ত, মিটফোর্ডের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন বাবুলকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থানা এলাকায় একটি মিছিলের ফুটেজ দেখে মোজাফফর হোসেন বাবুলকে শনাক্ত করা হয়। পরে ওই ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বহুল আলোচিত সোহাগ হত্যা মামলায় বাদ পড়া আসামি ছিলেন মোজাফফর হোসেন বাবুল।কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম যুগান্তরকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোজাফফর হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।