মায়ের গর্ভেই কি হাম আক্রান্ত হতে পারে শিশু?
হামকে সাধারণত শিশুদের সংক্রামক রোগ হিসেবে বিবেচনা করা হলেও গর্ভাবস্থায় মা এই ভাইরাসে আক্রান্ত হলে বিরল ক্ষেত্রে গর্ভের শিশুর শরীরেও সংক্রমণ ছড়াতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে জন্মগত হাম বা কনজেনিটাল মিজলস নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে গর্ভবতী নারীদের হাম সংক্রমণের পাশাপাশি নবজাতকের শরীরেও এ রোগ শনাক্ত হওয়ার তথ্য সামনে এসেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬টি এলাকায় ১১২ জন অন্তঃসত্ত্বা নারীর হাম শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৬ নবজাতকের পিসিআর পরীক্ষা করা হলে ১৩ জনের ফল পজিটিভ আসে এবং জন্মের ১০ দিনের মধ্যে তাঁদের হাম শনাক্ত হয়। গত ১৬ নভেম্বর ২০২৬ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় মা হাম ভাইরাসে আক্রান্ত হলে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে ভাইরাসটি গর্ভের শিশুর শরীরে পৌঁছাতে পারে, যা জন্মের পর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে হয়ে থাকা নিওনেটাল মিজলস থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের ওই বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ১১২ অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১১০ জনেরই আগে এমএমআর টিকা নেওয়ার তথ্য ছিল না বা ইতিহাস জানা যায়নি—অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই টিকার সুরক্ষা নিশ্চিত ছিল না। তাঁদের মধ্যে ২৬ জনকে প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হতে হয়, ১১ জনের নিউমোনিয়া দেখা দেয় এবং একজনকে আইসিইউতে নিতে হয়। এ ছাড়া ফুসকুড়ি দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে গর্ভধারণের পরিণতির তথ্য পাওয়া ২১টি ঘটনার মধ্যে দুটি গর্ভপাত ঘটে এবং ১৯টি জীবিত জন্মের মধ্যে আটটি শিশু নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়।সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঐশ্বর্য আর জানান, গর্ভাবস্থায় হাম সংক্রমণে মায়ের নিউমোনিয়াসহ গর্ভপাত, মৃত সন্তান প্রসব, সময়ের আগে প্রসব ও কম ওজনের শিশু জন্মের ঝুঁকি থাকে। আর জন্মের পর আক্রান্ত নবজাতকের জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও গুরুতর ক্ষেত্রে স্নায়বিক জটিলতা তৈরি হতে পারে।চিকিৎসক ডা. সাবিনে কাপাসি জানান, এমএমআর টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস থাকায় গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না; তাই সন্তান নেওয়ার পরিকল্পনার আগেই টিকা সম্পন্ন করা উচিত এবং টিকা নেওয়ার পর সাধারণত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে হয়। এ ছাড়া গর্ভাবস্থায় কোনো নারী হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে নিজে থেকে টিকা না নিয়ে বা সরাসরি হাসপাতালে না গিয়ে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে ইমিউনোগ্লোবুলিন (আইজি) দিয়ে সাময়িক সুরক্ষা দেওয়া যায়।