মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে বাংলাদেশ এইচপির হোয়াইটওয়াশ
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। এবার ৭৪ বল হাতে রেখে সাত উইকেটে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ এইচপি।মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন জিসান। অপর প্রান্তে জাওয়াদ আবরারও দ্রুত রান তুলতে থাকেন।[BANGVIEWS-POST:3514]তবে দ্বিতীয় ওভারে আরিফউল্লাহর বলে ৮ বলে ২৩ রান করে আউট হন আবরার। একই ওভারে তিন নম্বরে নামা আরিফুল ইসলামও মাত্র ৩ রান করে বোল্ড হয়ে ফেরেন।দুই উইকেট হারিয়েও আক্রমণের ধারা অব্যাহত রাখেন জিসান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দুজনের ৫০ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। সাব্বির অবশ্য ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে সাত ছক্কার সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন জিসান। শামীম অপরাজিত থাকেন ৬ বলে ৮ রান করে। মালয়েশিয়ার হয়ে আরিফ দুটি এবং প্রশান্ত মাধুকার একটি উইকেট নেন।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। শুরুতেই মোহাম্মদ রুবেলের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হন সাইফউল্লাহ মালিক।অন্য ওপেনার আসলাম খান বিন মালিকও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। রাকিবুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ১৮ রান করেন তিনি।[BANGVIEWS-POST:3513]তৃতীয় উইকেটে সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ ৫৮ রানের জুটি গড়লেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি মালয়েশিয়া। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন।এরপর অধিনায়ক সৈয়দ আজিজকেও ফেরান রনি। জিসানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫২ বলে ৪০ রান করেন মালয়েশিয়ার অধিনায়ক।বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন। ফলে ১০৫ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। পরে জিসানের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।