ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মার্ক রুটে
আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে জোটের ঐক্য ধরে রাখাই রুটের সফরের প্রধান লক্ষ্য।দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প সম্প্রতি জোটটিকে “কাগুজে বাঘ” বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন না দেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার উদ্যোগে ইউরোপীয় মিত্রদের অনীহার কারণেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোর “ফ্রি-রাইডিং” বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করেন। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন পুনর্মূল্যায়নের জন্য ছয় মাসব্যাপী পর্যালোচনার ঘোষণা দেন, যা ভবিষ্যতে সেনা সংখ্যা কমানোর পথ তৈরি করতে পারে।তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জোটের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষা ব্যয় বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আসন্ন সম্মেলনে নতুন বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হবে।বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও রুটের এই বৈঠক শুধু ন্যাটোর ভবিষ্যৎ দিকনির্দেশনাই নয়, বরং ইউক্রেন যুদ্ধ, ইউরোপীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা মোকাবিলায় পশ্চিমা জোটের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স।