ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত ৯,৮৪২ প্রার্থীর শাহবাগে মানববন্ধন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।মানববন্ধনে প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, যেখানে উত্তীর্ণের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। তাঁদের মধ্যে ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেলেও একই প্রক্রিয়ায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে অনেকের নিবন্ধন সনদের মেয়াদ এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম বলেন, ‘আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না।’তিনি আরও জানান, গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে তাঁরা দাবিগুলো তুলে ধরলে মন্ত্রী দাবির যৌক্তিকতা বিবেচনা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৎকালীন চেয়ারম্যানকে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। মুনিয়া তাসনিম বলেন, ‘আমাদের বলা হয়েছিল, নিয়োগ কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করা হবে। কিন্তু ২১ এপ্রিল থেকে ১৫ নভেম্বর—সাত মাস পার হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ প্রশ্ন করে, শিক্ষক হওয়ার সনদ থাকার পরও চাকরি হয়নি কেন? আমরা এর সমাধান চাই।’আরেক প্রার্থী খোরশেদ আলম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র শিক্ষক সংকট থাকলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হাজারো প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারছেন না। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে যোগ্য প্রার্থীরা বেকার জীবন কাটাচ্ছেন।হতাশা প্রকাশ করে খোরশেদ আলম বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না, শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। আমাদের একজন সহযোদ্ধা যমুনা রায় সুপারিশ না পেয়ে আত্মহত্যা করেছেন। এমন হতাশাজনক পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁর ইবাদতখানা। আমরা জানতে চাই, সেই ইবাদতখানায় আমাদের আকুতি কি পৌঁছাচ্ছে না? আমরা সরকারের প্রতিপক্ষ নই, রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যায্য অধিকার চাই।’কর্মসূচি থেকে প্রার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা। ২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। ৩. সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত ৯,৮৪২ প্রার্থীর শাহবাগে মানববন্ধন