পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানসহ ৯ নেতার ওপর নিষেধাজ্ঞা
পাকিস্তানের প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে পাঞ্জাব প্রদেশের প্রশাসন। এই সময়ের মধ্যে তারা প্রদেশটির সারগোধা জেলায় প্রবেশ, বসবাস কিংবা অবস্থান করতে পারবেন না। দলটির পূর্বঘোষিত সমাবেশের আগেই এমন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারগোধায় জেইউআই-এফের একটি বড় সমাবেশ আয়োজনের কথা ছিল। কিন্তু তার আগেই জেলা প্রশাসকের জারি করা বিজ্ঞপ্তিতে দলটির শীর্ষ নেতাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।প্রশাসনিক আদেশ অনুযায়ী, ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার সংশোধনী অধ্যাদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া আদেশটি পরবর্তী ৩০ দিন বহাল থাকবে। মাওলানা ফজলুর রহমান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন লাহোরের মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান ও অধ্যাপক গাজানফর আজিজ, ভাক্কারের মাওলানা সাফি উল্লাহ, মুলতানের মাওলানা মুহাম্মদ নূর খান হানস, ফয়সালাবাদের মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ, মুজাফফরগড়ের মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং ডেরা গাজি খানের মাওলানা জামাল আবদুল নাসির।প্রশাসনের বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানের নিজ জেলা হিসেবে ডেরা ইসমাইল খানের নাম উল্লেখ করা হয়েছে।জেলা পুলিশের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের উপস্থিতি এবং বক্তব্যের কারণে জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।প্রশাসন এসব নেতাকে উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রদানকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে বেআইনি জনসমাবেশে উৎসাহ দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত তৈরির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।এদিকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক নোটিশও জারি করা হয়েছে। পাশাপাশি খুশাব জেলায় জনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত আইনের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মাওলানা ফজলুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি জানান, সড়কে বাধা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও সারগোধার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।একই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান জেইউআই-এফ প্রধান।দলটির পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজ অভিযোগ করেছেন, সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড দমনে প্রশাসনিক শক্তি ব্যবহার করছে। তার দাবি, বিভিন্ন সড়কে বাধার কারণে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী আটকা পড়েছেন। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার ও মামলা দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের চলমান বিরোধের মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হলো। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ফজলুর রহমান।এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাননি বলে অভিযোগ করেন জমিয়তপ্রধান।তার দাবি, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক সমঝোতার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। পাশাপাশি বিভিন্ন প্রদেশকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন তিনি। এসব বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে তার প্রকাশ্য বিরোধ তৈরি হয়।চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার নিজের চলাচল সীমিত করার অভিযোগও করেন ফজলুর রহমান। তিনি জানান, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বহুদলীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার অবস্থানস্থলের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।এর ফলে কয়েক ঘণ্টা তিনি বাসভবন থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেন। ঘটনাটিকে রাষ্ট্রীয়ভাবে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি। ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থানের কারণে তার পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ওপরও প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেইউআই-এফ। দলটির দাবি, দুর্নীতির তদন্ত, সরকারি সংস্থার তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য সমালোচনার মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে চাপ সৃষ্টি করা হচ্ছে।গত ৮ নভেম্বর ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করার সুপারিশ করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এর আগে তার বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়েও তদন্তের খবর প্রকাশিত হয়।পাকিস্তানের রাজনীতিতে মাওলানা ফজলুর রহমান একসময় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। ২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দল জেইউআই-এফও ওই সরকারের অংশ ছিল।তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর দুই পক্ষের সম্পর্কের পরিবর্তন ঘটে। নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জেইউআই-এফ।এরপর থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন ফজলুর রহমান।এমন পরিস্থিতিতে সারগোধায় পূর্বঘোষিত সমাবেশের আগে দলটির নয় শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা এবং নেতাকর্মীদের আটকের ঘটনায় সরকার ও জেইউআই-এফের রাজনৈতিক বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।সূত্র : ডন