বগুড়ায় চালু হলো ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টর-সহকারী সবাই নারী
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। পাশাপাশি এই বাসে যাত্রী হিসেবেও থাকবেন শুধু নারীরা।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর এবার বগুড়াতেও চালু হলো নারীদের জন্য বিশেষ এই গণপরিবহন ব্যবস্থা।[BANGVIEWS-POST:3936]উদ্বোধনের পর বাসটি বগুড়া ডিপো থেকে যাত্রা শুরু করে তিনমাথা রেলগেট হয়ে সরকারি আজিজুল হক কলেজের সামনে যায়। পরে একই পথে ফিরে এসে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। বাসটির চালকের আসনে ছিলেন নারী চালক খাদিজাতুল কোবরা।প্রাথমিকভাবে বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মহিলা বাস সার্ভিস। রুট দুটি হলো শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী। নন-এসি বাস দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা।উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার কার্যক্রম যুক্ত করা হয়।রেজাউল করিম বাদশা বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই সেবা সম্প্রসারণ করা হবে।তিনি বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে নারীরা গণপরিবহনে নানা সমস্যার মুখোমুখি হন। বিশেষ এই বাস সার্ভিস চালুর মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।নারী যাত্রীদের মতে, সাধারণ গণপরিবহনে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস চালু হওয়ায় তারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।[BANGVIEWS-POST:3935]বাসটির নারী চালক খাদিজাতুল কোবরা বলেন, মহিলা বাস সার্ভিসের চালক হতে পেরে তিনি গর্বিত। নারীরাও চাইলে গণপরিবহন খাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, আপাতত দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাস দুটির চালক, কন্ডাক্টর ও সহকারী সবাই বিআরটিসির স্থায়ী নারী কর্মী। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও বাস যুক্ত করা হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শুধু নারীদের নিরাপদ যাতায়াতই নিশ্চিত করবে না, পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়াবে।