ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি, আমিরাত ও ওমানে সতর্কতা: সং'ঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত ওয়াশিংটনের!

ধ্যপ্রাচ্যে ইরান ও তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর—বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের—সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় একযোগে তিনটি উপসাগরীয় দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি বার্তা প্রকাশ করে যেকোনো সময় ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং আকাশপথে বড় ধরনের ভ্রমণ বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে চলমান সংঘাত দ্রুত সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা পেরিয়ে বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও দূতাবাসগুলোর পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় উল্লেখ করে, হুতিরা সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও সংবেদনশীল জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যার ফলে বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি পুরো অঞ্চলের বেসামরিক বিমান চলাচলে মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান সংঘাত কেবল ইয়েমেন বা সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সামরিক ঘাঁটি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা মার্কিন নাগরিকরা সমবেত হন—এমন যেকোনো স্থাপনাকে সরাসরি নিশানা করতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরগুলোর সর্বশেষ অবস্থা এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের শিডিউলের ওপর সার্বক্ষণিক নজর রাখার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মূলত সানা লক্ষ্য করে সৌদি জোটের ধারাবাহিক বিমান হামলা এবং আরামকোসহ সৌদির তেলক্ষেত্রে হুতিদের নতুন করে বড় ধরনের আক্রমণের হুমকির প্রেক্ষাপটেই এই ত্রিমুখী মার্কিন নিরাপত্তা নির্দেশনা সামনে এলো। সূত্র: আনাদোলু এজেন্সি 

সৌদি, আমিরাত ও ওমানে সতর্কতা: সং'ঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত ওয়াশিংটনের!