ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে।এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার এবং চিকিৎসায় সহযোগিতা করতে প্রশিক্ষিত উদ্ধারকারী দল, বিশেষায়িত সরঞ্জাম, তাঁবু ও মানবিক সহায়তার পাশাপাশি মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজও পাঠাচ্ছে ওয়াশিংটন।[BANGVIEWS-POST:708]সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এই তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এক্স পোস্টে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে ভেনেজুয়েলার এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত এসব সহায়তা পাঠানোর কথা বলেছেন। এই ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান।এর আগে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন সেনা কর্মকর্তা। সেই বৈঠকে তারা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনকে বিস্তারিত জানানোর এবং দ্রুত সহায়তা আসার আশ্বাস দিয়েছিলেন।গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পের মাঝখানের সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।[BANGVIEWS-POST:705]এই জোড়া ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে দেশটির অসংখ্য ভবন ও ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে যে, এই দুর্যোগে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া স্বজনদের উদ্ধারের জন্য উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার দিশেহারা অবস্থায় রয়েছে। এরই মধ্যে সেখানে ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে।সূত্র : এপি