সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারির তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অভিযুক্ত কর্মকর্তাকে এ নোটিশ দেন। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।জেলা প্রশাসক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের বিষয়টি তার নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে। সেদিন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান।অভিযোগ অনুযায়ী, ওই সময় নায়েব আবুল কালাম দাপ্তরিক কাজের পরিবর্তে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর সাংবাদিক অনিক খান জমির তথ্য জানতে চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা।একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া সাংবাদিকদের গালিগালাজ এবং আটকে রাখার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়া সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি কার্যালয়ে তথ্য চাইতে গিয়ে এমন আচরণের শিকার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।তাদের অভিযোগ, নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন সরকারি কর্মকর্তা সাংবাদিকদের হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ঘটনায় শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিষয়টি শেষ না করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।