রেফারি ও ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের
ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে স্বাধীন ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেলের পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হবে।২০২২-২৩ মৌসুমে গঠিত পাঁচ সদস্যের এই প্যানেল ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করে। রেফারি ও ভিএআর কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা যাচাই করে মতামত বা ভোট দেয় প্যানেলটি।এতদিন পর্যন্ত এই পর্যালোচনার ফলাফল শুধু ক্লাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হতো। তবে সাধারণ দর্শকদের জন্য বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আস্থা বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।[BANGVIEWS-POST:3959]চলতি মৌসুম থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনায় মাঠের রেফারি ও ভিএআর কর্মকর্তাদের মধ্যকার কথোপকথনের উদ্ধৃতিও প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত কয়েকটি ম্যাচে রেফারির শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা অডিও প্রকাশের পরিকল্পনাও রয়েছে।এ ছাড়া ম্যাচ চলাকালীন কর্মকর্তাদের আলোচনা আরও বেশি পরিমাণে সম্প্রচারের অনুমতি পেতে পেশাদার রেফারি সংগঠন এবং ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে কাজ চালিয়ে যাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হবে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে সদ্য উন্নীত কভেন্ট্রি সিটির বিপক্ষে।