ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। সবকিছু চূড়ান্ত হলে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন এই কিউই কিংবদন্তি।বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে এসএ২০-এর প্রথম আসর থেকে ডারবানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ক্লুজনারের জায়গায় উইলিয়ামসনকে আনার প্রস্তুতি চলছে। ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দুই মৌসুম মিলিয়ে ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। তবে এবার একই দলের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে।চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই ক্রিকেটের নতুন ভূমিকায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন উইলিয়ামসন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি।মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য উইলিয়ামসনকে খেলোয়াড় হিসেবেও ধরে রেখেছিল ডারবান সুপার জায়ান্টস। ফলে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলে একই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ভূমিকার পরিবর্তন ঘটবে। ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করার কথা রয়েছে উইলিয়ামসনের। তবে তাঁর অধীনে সহকারী কোচসহ অন্য দায়িত্বে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।২০১০ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে দেশটির অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪ দশমিক ০৬ গড়ে তাঁর সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান।এ ছাড়া ১৭৫ ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ এবং ৯৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধারাবাহিক ব্যাটিংয়ের জন্যও পরিচিত ছিলেন এই ক্রিকেটার। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন উইলিয়ামসন।অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে চার মৌসুম দায়িত্ব পালন করেছেন ল্যান্স ক্লুজনার। তাঁর অধীনে দলটি ২০২৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নেয় ডারবান। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে দলটি।এমন পরিস্থিতিতে প্রধান কোচের পদে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্ব এবং কৌশলগত দক্ষতা কাজে লাগাতে চাইছে ডারবান।সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এসএ২০ মৌসুম শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।তবে উইলিয়ামসনের নিয়োগ নিয়ে এখনো ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি সম্ভাব্য নিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে