অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর বিভিন্ন অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন ব্যবস্থার মাধ্যমে অবসরের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানান তিনি।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, অবসরের অর্থ পেতে শিক্ষকদের ভোগান্তি দূর করতে পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। অর্থ পাওয়ার জন্য কোনো মধ্যস্বত্বভোগীর কাছে যেতে হবে না। অনলাইন ব্যবস্থায় সরাসরি ব্যাংক হিসাবে টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।অতীতে অবসর সুবিধার অর্থ পেতে শিক্ষকদের দীর্ঘ অপেক্ষা ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অর্থ পেতে ঘুষ দেওয়ার অভিযোগও ছিল। সেই পরিস্থিতির পরিবর্তন করে দ্রুত ও সহজে শিক্ষকদের প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।[BANGVIEWS-POST:3748]আগের সরকারের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষকদের অবসর সুবিধাসংশ্লিষ্ট দুটি বোর্ড আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।তিনি জানান, বর্তমানে শিক্ষকদের অবসর ভাতার তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করে শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী একজন শিক্ষক চাকরি থেকে অবসর নিলেও সমাজে তার শিক্ষক পরিচয় ও ভূমিকা শেষ হয়ে যায় না। শিক্ষা ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ এবং সর্বজনস্বীকৃত।সরকার অবসর ও কল্যাণ সুবিধা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চায়, যাতে শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।