যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। মাটির স্তূপে কোদালের আঘাত লাগার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদল নামে এক ব্যক্তির বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকেরা।কাজের একপর্যায়ে মাটির ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ একটি বস্তুর ওপর কোদালের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন।বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার কিছু আলামত সংগ্রহ করেছে।যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মাটি খোঁড়ার সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। মাটি খোঁড়ার সময় কোদালের আঘাতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।তবে কে বা কারা সেখানে বোমা রেখেছিল এবং কত দিন ধরে তা মাটির নিচে ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরকের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।