ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্নীতি-অর্থ পাচারের সুযোগ বন্ধ করতে হবে: ইসমাইল জবিউল্লাহ

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার এবং সরকারি সম্পদের অপব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে একেকজন ‘ফিল্ড মার্শালের’ মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলার স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তরুণ কর্মকর্তাদের নতুন ধারণা গ্রহণ, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব পালনে সাহসী হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের অর্থ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং অন্যদের সক্ষম করে তোলা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে, তার ভিত্তিতে। তাই ইউএনও পদকে শুধু চাকরি হিসেবে নয়, জনগণের পক্ষ থেকে অর্পিত আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতি-অর্থ পাচারের সুযোগ বন্ধ করতে হবে: ইসমাইল জবিউল্লাহ